২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

প্রিয়জনের সঙ্গে খাবার খেলে শরীরে দেখা দিতে পারে ইতিবাচক প্রভাব

couplemeal

খাওয়ার সময় প্রিয় সঙ্গী পাশে থাকলে শুধু মানসিক স্বস্তিই নয়, শরীরের কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, একা খাওয়ার তুলনায় সঙ্গীর সঙ্গে খাবার খেলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা তুলনামূলক কম বাড়তে পারে।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় ও শেবা মেডিকেল সেন্টারের গবেষকরা এই গবেষণাটি পরিচালনা করেন। এতে ৫৪টি দম্পতির ১০৮ জন সুস্থ প্রাপ্তবয়স্ক অংশ নেন। গবেষণায় অংশ নেওয়া সব দম্পতি অন্তত নয় মাস ধরে একসঙ্গে ছিলেন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট পরিমাণ সাদা পাউরুটি খেতে দেওয়া হয়। একবার তারা খাবারটি একা খান, অন্যবার একই খাবার সঙ্গীর উপস্থিতিতে খান। দুটি পরীক্ষার মধ্যে অন্তত চার ঘণ্টা ব্যবধান রাখা হয় এবং অংশগ্রহণকারীদের ক্ষেত্রে পরীক্ষার ক্রমও পরিবর্তন করা হয়েছিল।

গবেষণায় দেখা যায়, সঙ্গীর পাশে বসে খাবার খাওয়ার সময় একা খাওয়ার তুলনায় রক্তে শর্করার মাত্রা সামগ্রিকভাবে প্রায় ১৫ শতাংশ কম বাড়ে। প্রথম খাবারের প্রতিক্রিয়া আলাদাভাবে বিশ্লেষণ করলে এই পার্থক্য প্রায় ২৪ শতাংশ পর্যন্ত দেখা যায়।

গবেষকরা শুধু রক্তে শর্করাই নয়, সামাজিক সান্নিধ্যের সঙ্গে শরীরের অন্যান্য প্রতিক্রিয়ার সম্পর্কও পর্যবেক্ষণ করেন। এ জন্য অংশগ্রহণকারীদের এমন সেন্সর পরানো হয়েছিল, যার মাধ্যমে মানসিক চাপ-সম্পর্কিত বিভিন্ন শারীরিক পরিবর্তন শনাক্ত করা যায়।

আরেক পরীক্ষায় ১১৬ জন প্রাপ্তবয়স্ককে ঠান্ডা পরিবেশে পাঁচ মিনিট রাখা হয়। দেখা যায়, সঙ্গী পাশে থাকলে শরীরের তাপমাত্রা তুলনামূলক কম কমে এবং পরে স্বাভাবিক অবস্থায় ফিরতেও কম সময় লাগে।

Advertisements

এ ছাড়া ১১৫ জন অংশগ্রহণকারীর ওপর হালকা বৈদ্যুতিক উদ্দীপনা প্রয়োগ করে মানসিক চাপের প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করা হয়। সঙ্গী উপস্থিত থাকলে চাপের প্রতিক্রিয়া কিছুটা কম দেখা গেলেও একই ব্যক্তির আলাদা পরীক্ষার ফল তুলনা করার ক্ষেত্রে এই প্রভাব ততটা স্পষ্ট ছিল না।

গবেষকদের মতে, রক্তে শর্করা, শরীরের তাপমাত্রা ও মানসিক চাপ—ভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়াতেও সামাজিক ঘনিষ্ঠতার প্রভাবের কিছু মিল পাওয়া গেছে। তবে সবাই যে একই মাত্রায় উপকৃত হন, এমনটিও নয়।

গবেষকরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে ডায়াবেটিস প্রতিরোধের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। গবেষণাটি মূলত খাবারের পর শরীরের স্বল্পমেয়াদি প্রতিক্রিয়া নিয়ে করা হয়েছে। সঙ্গীর সঙ্গে খাবার খাওয়ার এই প্রভাব দীর্ঘমেয়াদে রক্তে শর্করা নিয়ন্ত্রণে কতটা ভূমিকা রাখে বা কতক্ষণ স্থায়ী হয়, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

Advertisements