সন্তানকে রেখে কাজে ফেরার সময় তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি

মাতৃত্বের পর নারীদের জীবনে নানা পরিবর্তন আসে। সন্তানকে রেখে কাজে ফেরার সময় মায়েদের মানসিক ও শারীরিক টানাপোড়েন নিয়েও সাম্প্রতিক সময়ে অনেক অভিনেত্রী কথা বলছেন। এবার নিজের অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
গত বছর মা হওয়ার পর দীর্ঘ সময় সন্তানের সঙ্গে বাড়িতেই ছিলেন পরিণীতি। কয়েক মাস পর যখন প্রথমবার সন্তানকে রেখে কাজে ফেরেন, তখন তীব্র আবেগে ভেঙে পড়েছিলেন তিনি।
অভিনেত্রী জানান, প্রথমবার সন্তানকে বাড়িতে রেখে মুম্বাই যাওয়ার জন্য ফ্লাইটে উঠেছিলেন তিনি। তবে পুরো যাত্রার কোনো স্মৃতিই তার মনে নেই। বিমানবন্দরে যাওয়া থেকে শুরু করে বিমানে ওঠা, অবতরণ এবং বাড়ি পৌঁছানো—কিছুই মনে করতে পারেননি। পুরো তিন ঘণ্টা শুধু কেঁদেছিলেন।
পরিণীতির ভাষায়, সেই সময় তার মনে হয়েছিল তিনি আর কখনো কাজ করতে পারবেন না। সন্তানকে রেখে যাওয়ার অনুভূতিকে শুধু ‘অপরাধবোধ’ হিসেবে দেখতে চান না তিনি। বরং এটি মায়ের জন্য শারীরিকভাবেও অসহনীয় এক ধরনের যন্ত্রণা বলে মনে করেন অভিনেত্রী।
মায়েদের এমন অনুভূতির পেছনে জৈবিক ও সামাজিক—দুই ধরনের কারণ রয়েছে বলেও মনে করেন পরিণীতি।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর আম আদমি পার্টির (এএপি) সংসদ সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। ২০২৫ সালের ১৯ অক্টোবর এই দম্পতির প্রথম পুত্রসন্তানের জন্ম হয়।
এদিকে ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট, সোনি রাজদান, অনুপ সোনিসহ আরও অনেকে।



