সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের উপযোগী ছাদে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব উপযোগী স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি অফিস ও স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে। এর একটি হলো বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেলে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন। অন্য পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের অর্থায়নে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।
সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এর আওতায় আনার পরিকল্পনাও তারই অংশ। নির্দেশনায় বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উপযোগী ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণে অবদান রাখার লক্ষ্য রয়েছে।
এ জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব অবকাঠামো ও উপযোগী স্থান বিবেচনা করে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।



