২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

বিএমইউতে বিনা খরচে সফল ছয় লিভার প্রতিস্থাপন

3104e0233c3d3f57d682f53ad9fbe345-6ab27ec96b3d9

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ছয়জন রোগীর শরীরে সফলভাবে লিভার প্রতিস্থাপন করে দেশের চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য ও যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। হাসপাতালের প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারিসহ ১৯টি বিশেষায়িত বিভাগের প্রমোড ও অত্যন্ত দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় এই জটিল অস্ত্রোপচারগুলো সম্পন্ন হয়।

হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকেই জটিল সব রোগের সফল চিকিৎসার ধারা বজায় রাখার ধারাবাহিকতায় এই বড় অর্জন এলো। সফল এই অস্ত্রোপচারের খবর আনুষ্ঠানিকভাবে জানাতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই ঘটনাকে দেশের স্বাস্থ্য খাতের জন্য এক ‘যুগান্তকারী অর্জন’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, প্রতিটি অস্ত্রোপচারের আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা, স্বাস্থ্যগত সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্ট আইনগত ও নৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ জন্য সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে তাদের ফলোআপ সেবা চালু রয়েছে।

বিএমইউ উপাচার্য আরও বলেন, লিভার প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসায় রোগীদের আস্থা অর্জন একটি বড় চ্যালেঞ্জ। চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম চালু থাকলে এ ধরনের চিকিৎসাসেবার পরিধি বাড়বে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরপর তিন দফায় অনুষ্ঠিত এই ছয়টি লিভার প্রতিস্থাপন প্রক্রিয়ায় বিএমইউ’র চিকিৎসকদের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করেছে ভারতের হায়দারাবাদের বিশ্বখ্যাত ‘এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি’ হাসপাতালের বিশেষজ্ঞ প্রতিনিধি দল।

Advertisements