২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

IMG_5287

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়ে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর রহমান ছিলেন পঞ্চম হিটে। সাতজন প্রতিযোগীর ওই হিটে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও অংশ নেন। ইমরানুর দৌড়েছেন পাঁচ নম্বর লেনে।

প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পান। তাদের বাইরে ছয়টি হিট মিলিয়ে সেরা ছয় টাইমিং করা অ্যাথলেটও পরের পর্বে ওঠেন। নিজের হিটে ইমরানুর ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেটের টাইমিং ছিল ১০.৩৮ সেকেন্ড।

ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড এবং চলতি মৌসুমের সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। বাছাইপর্বে এর কোনোটিই ছুঁতে পারেননি তিনি। তবে সব হিট মিলিয়ে সেরা টাইমিং করা অ্যাথলেটদের তালিকায় জায়গা করে নিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই স্প্রিন্টার।

Advertisements