২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
শিক্ষা

একাদশে ভর্তিতে নতুন সময়সীমা, কলেজের ভুলে বাতিল হতে পারে শিক্ষার্থীর ভর্তি

IMG_5259

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময় বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইন সিস্টেমে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজকে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটের লগইন প্যানেলে কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইন ভর্তি (এডমিট) সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণকসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে এ ভর্তি নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে জানানো হয়েছে।

এদিকে, আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় এক দিন পিছিয়ে ক্লাস শুরু করা হয়।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন শুরু হয়। ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়।

Advertisements

মনোনীত শিক্ষার্থীদের গত ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছিল।

Advertisements