ভাইরাল সেই ‘বিউটি রানি পাল’ এবার সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

একটি গানের তালে হাঁটার ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল। সেই আলোচনার কয়েক মাসের মধ্যেই নতুন এক স্বীকৃতি পেলেন তিনি। ২০২৬ সালে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন এই শিক্ষিকা।
সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিউটি রানি পাল। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি।
তবে এবারের স্বীকৃতির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তৈরি হয়েছিল ভিন্ন এক আলোচনা। গত ২৩ জুলাই ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি। বিষয়টি একপর্যায়ে এতটাই বাড়ে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষিকা।
তার পক্ষে তখন এগিয়ে আসেন শিক্ষক সমাজের পাশাপাশি লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিরাও। ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল চর্চার অধিকার নিয়ে শুরু হয় আলোচনা। এমনকি ওই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা একই গানকে প্রতীকী প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করতে শুরু করেন।
সমালোচনা ও ট্রলের সেই সময়টুকু পেরিয়ে এবার অবশ্য সম্পূর্ণ ভিন্ন কারণে খবরের শিরোনামে বিউটি রানি পাল। দীর্ঘদিনের শিক্ষাদান ও বিদ্যালয় পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে মিলেছে জেলার শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা।
প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিউটি রানি পালের শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততাসহ দীর্ঘদিনের অবদান মূল্যায়নের ভিত্তিতেই তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনেও সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন বিউটি রানি পাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই প্রাক্তন শিক্ষার্থীর শিক্ষকতা জীবনে এবার যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য অর্জন।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও তাকে যে আলোচনায় এনেছিল, সেই আলোচনার কয়েক মাস পরই শিক্ষাক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা যেন তার পরিচয়ের আরেকটি দিক সামনে নিয়ে এলো।



