২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বিবাহিত সহশিল্পীর প্রেমে হাবুডুবু, শেষ পর্যন্ত কী হলো সাবা কামারের?

IMG_5188

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। তবে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এক দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের পুরোনো এক প্রেমের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, একসময় এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন, যিনি বর্তমানে বিবাহিত।

লন্ডনে ‘এসকেটি ওয়েলফেয়ার’-এর তহবিল সংগ্রহে ‘ক্রিয়েটিভ টিমস’ আয়োজিত এক মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে কথা বলছিলেন সাবা। সেখানেই নিজের অতীতের প্রসঙ্গ তুলে ধরেন অভিনেত্রী। তবে সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।

সাবা বলেন, ওই ব্যক্তি এখন বিবাহিত। ঘটনাটি দুই থেকে চার বছর আগের। তার প্রতি নিজের আকর্ষণের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, সম্ভবত তিনি ওই ব্যক্তির বাস্তব সত্তার চেয়ে পর্দায় অভিনয় করা চরিত্রের প্রতিই বেশি মুগ্ধ হয়ে পড়েছিলেন।

সাবা আরও জানান, ওই ব্যক্তি কোনো টেলিভিশন অভিনেতা নন, তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। তবে এ কথা বলার পরই বিষয়টি নিয়ে মজা করে সাবা বলেন, তিনি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার এমন মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।

পরে অনুষ্ঠানের সঞ্চালক গুগলে সাবার অভিনীত সিনেমার তালিকা খুঁজে ওই অভিনেতার পরিচয় বের করার কথা বললে হাসতে হাসতে তাকে থামিয়ে দেন সাবা। বিষয়টি নিয়ে আর অনুসন্ধান না করার অনুরোধ জানান তিনি।

তবে সেই পুরোনো ভালো লাগা থেকে কীভাবে বেরিয়ে এসেছিলেন, সেটিও অনুষ্ঠানে মজার ছলে জানান অভিনেত্রী। নিজের ১৪ বছর বয়সী ভাগ্নির একটি মন্তব্য স্মরণ করে সাবা বলেন, তার ভাগ্নি একসময় তাকে বলেছিল, ‘খালা, তুমি জঙ্গলে কাজ করতে গিয়ে নির্জন পরিবেশ পেয়েছিলে, তাই হয়তো তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল!’

Advertisements

ভাগ্নির সেই কথাই নাকি সাবার ঘোর কাটিয়ে দেয়। এরপর পুরোনো সেই মুগ্ধতা থেকে বেরিয়ে আসেন বলে জানান পাকিস্তানি এই অভিনেত্রী।

Advertisements