‘জেলার ২’-এ বিদ্যার চরিত্র ঘিরে রহস্য, প্রকাশ্যে প্রথম ঝলক

‘জেলার ২’ নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই বেশ তুঙ্গে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সিনেমাটিতে তার অভিনীত চরিত্র ‘কান্থা’র প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। প্রকাশিত ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও রহস্যময় অবতারে।
ভিডিওতে নীল শাড়ি পরা বিদ্যাকে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তার হাঁটার ভঙ্গি, চোখেমুখের অভিব্যক্তি এবং আত্মবিশ্বাসী উপস্থিতি চরিত্রটির দৃঢ় ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। হাতে জ্বলতে থাকা সিগারেট দৃশ্যটিতে যোগ করেছে আরও রহস্য। কয়েক সেকেন্ডের এই দৃশ্যেই ‘কান্থা’কে ঘিরে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

চরিত্রটির আবহ আরও জমিয়ে তুলেছে অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত। তীব্র ও নাটকীয় সুরের সঙ্গে বিদ্যার প্রবেশ দৃশ্যটি বেশ প্রভাব তৈরি করেছে। তবে কান্থার প্রকৃত পরিচয় কী, গল্পের কেন্দ্রীয় চরিত্র টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের সঙ্গে তার সম্পর্ক কেমন এবং কাহিনিতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ—এসব বিষয়ে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি।
‘জেলার ২’ সিনেমায় ফের টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের ভূমিকায় অভিনয় করছেন রজনীকান্ত। নেলসন দিলীপকুমারের পরিচালনায় প্রথম ‘জেলার’ মুক্তির পর চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে দ্বিতীয় কিস্তি।
সিকুয়েলে আগের সিনেমার কয়েকজন অভিনয়শিল্পীর পাশাপাশি যুক্ত হয়েছেন নতুন মুখও। রজনীকান্তের সঙ্গে থাকছেন রম্য কৃষ্ণান, যোগী বাবুসহ প্রথম পর্বের আরও কয়েকজন অভিনেতা। নতুন করে অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন সুরজ ভেঞ্জারামুদু, এস জে সুরিয়া এবং বিদ্যা বালান।
প্রথম কিস্তির সাফল্যের কারণে ‘জেলার ২’ নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। এর সঙ্গে নতুন চরিত্র ও বিশেষ করে বিদ্যা বালানের ‘কান্থা’ চরিত্রের রহস্য সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।



