পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী কিংবা বিপত্নীক স্বামী পুনরায় বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা চালু রাখতে বছরে একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে প্রতি বছর এ ধরনের অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না।
রোববার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্দেশনায় পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং অব্যবহৃত ছুটির অর্থ নগদায়নসহ অবসরকালীন বিভিন্ন সুবিধার নিয়ম নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ব্যবস্থাটি গত ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশন
নতুন নিয়মে সরকারি চাকরিতে পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল ৫ বছর নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ২৫ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ হারে পেনশন নির্ধারণ করা হবে। কর্মচারীর সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার হিসাব করা হবে।
চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার হলো—৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরিতে ৯০ শতাংশ।
বর্তমান পেনশনভোগীদের ক্ষেত্রেও পরিবর্তন
গত ৩০ জুন যে নিট পেনশন পাওয়া যাচ্ছিল, তার ভিত্তিতে বর্তমান পেনশনভোগীদের নতুন পেনশন নির্ধারণ করা হয়েছে।
৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ বৃদ্ধি দিয়ে নতুন নিট পেনশন ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি হয়ে নতুন পরিমাণ দাঁড়াবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে তা হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা।
অন্যদিকে, ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে নতুন নিট পেনশনের পরিমাণ সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে যাদের বর্তমান নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকার বেশি, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারে পেনশন পাবেন। পরবর্তী সময়ে প্রজ্ঞাপনে উল্লেখিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে।
আনুতোষিক ও ছুটি নগদায়ন
নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ বছর থেকে ১৫ বছরের কম চাকরিতে ২৬০ টাকা, ১৫ বছর থেকে ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা হারে আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।
অবসরের সময় একজন কর্মচারী সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অর্জিত ছুটি নগদায়নের মাধ্যমে পেতে পারবেন। অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তরের সুযোগ থাকবে।
এ ছাড়া কোনো কর্মচারী চাকরিতে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণে কর্মক্ষমতা হারালে অথবা মারা গেলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এককালীন বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার বিধানও রাখা হয়েছে।



