২৭ বছর পর ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক

নব্বইয়ের দশকের দর্শকের কাছে এখনও আবেগের নাম ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের মাধ্যমে দর্শকের সামনে আসে সিনেমাটি। মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সেই ছবির ২৭ বছর পর নির্মিত হয়েছে নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’।
নতুন সংস্করণে জুটি বেঁধেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত সিনেমাটি প্রথমে পূজায় মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তবে সেই সময়ে মুক্তি দেওয়া সম্ভব না হওয়ায় এবার আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
পরিচালক জানান, প্রায় তিন মাস আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকেও প্রদর্শনের অনুমতি মিলেছে।
সিনেমাটির নির্মাণ প্রসঙ্গে কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ দর্শকের কাছে আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি সিনেমা। তাই এর রিমেক নির্মাণ করা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। পুরোনো ছবির প্রতি দর্শকের আবেগকে সম্মান জানিয়ে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নতুন সিনেমাটি তৈরি করা হয়েছে। মূল গল্পের আবহ অক্ষুণ্ন রেখে নির্মাণ, অভিনয় ও উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে দেখা যাবে আরিয়ান সারোয়ারকে এবং প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী।
আরিয়ান সারোয়ারের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে অভিনীত প্রথম চলচ্চিত্র। পুরোনো সিনেমাটি একাধিকবার দেখেই চরিত্রটির প্রস্তুতি নিয়েছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, ফেরদৌসকে অনুসরণ করেছেন, তবে অনুকরণ করেননি।
১৯৯৮ সালের বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছিল আশীর্বাদ চলচ্চিত্র ও গ্রামকো ফিল্মস। নতুন ‘আবার হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
এদিকে মুক্তির আগে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। সেখানে সিনেমার অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিত থাকার কথা রয়েছে।



