‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ের গুঞ্জন

‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্কর ও কমেডিয়ান-ইউটিউবার সময় রায়নাকে নিয়ে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টে দাবি করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। আবার অন্য একটি পোস্টে দাবি করা হয়েছে, এরই মধ্যে জুলাইয়ে গোপনে বিয়ে করেছেন দুজন।
তবে এসব দাবির কোনোটিই সময় রায়না বা মেধা শঙ্কর নিশ্চিত করেননি। প্রকাশ্যে আসা দাবিগুলোর পক্ষেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধার উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গুঞ্জন আরও জোরালো হয়।
গত আগস্টে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে মেধা শঙ্কর, বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ার উপস্থিত ছিলেন। সেখানে এক দর্শক সময়কে প্রশ্ন করেন, উপস্থিত প্যানেলিস্টদের মধ্যে কার সঙ্গে তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। জবাবে সময় বলেন, ‘মেধা শঙ্কর আমার খুব কাছের।’
এরপরই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে।
ডিসেম্বরে বিয়ের দাবি
সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতার দাবি, তিনি সময়ের পরিবারের ঘনিষ্ঠ এবং তাঁর মায়ের সঙ্গে কথা বলেই বিয়ের খবরটি জানতে পেরেছেন।
পোস্টে আরও দাবি করা হয়, সময় ও মেধা বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এবং দেশে ফিরে বিয়ের প্রস্তুতি শুরু করবেন। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই আরেকটি রেডিট পোস্টে দাবি করা হয়, ডিসেম্বরে নয়, সময় ও মেধার বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে। সেখানে বলা হয়, প্রায় দুই মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেছেন তাঁরা।
তবে এই দাবির পক্ষেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি।
সম্পর্ক নিয়ে এখনো নিশ্চিত তথ্য নেই
সময় ও মেধাকে নিয়ে প্রেমের গুঞ্জনের পেছনে রয়েছে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি-ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট। সম্প্রতি তাঁদের পাশাপাশি হাঁটার একটি ভিডিওও ছড়িয়ে পড়ে। একই সময়ে ছুটিতে যাওয়ার পোস্ট ঘিরেও তাঁদের একসঙ্গে সুইজারল্যান্ডে থাকার দাবি ওঠে।
তবে এসব ছবি বা ভিডিওতে দেখা ব্যক্তিরা সময় ও মেধাই কি না, তা নিশ্চিতভাবে প্রমাণিত নয়।
এর আগে সময় রায়নাকে শ্যারন ভার্মার সঙ্গেও প্রেমের গুঞ্জনে জড়ানো হয়েছিল। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই গুঞ্জন নাকচ করে সময় লিখেছিলেন, ‘না ভাই, ইন্টারনেটই এসব বানাচ্ছে।’
মেধা শঙ্করের সঙ্গে সম্পর্ক বা বিয়ের বিষয়ে অবশ্য এখন পর্যন্ত সময় বা মেধার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



