এক নজর দেখতে মানুষের ভিড়, ভাঙল কাজল রাঘওয়ানির গাড়ির কাচ

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানিকে এক নজর দেখতে গিয়ে বিপত্তি ঘটেছে। বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়ে ভক্তদের অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়েন এই অভিনেত্রী। একপর্যায়ে তার গাড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে অল্পের জন্য কোনো আঘাত পাননি কাজল।
জানা গেছে, সম্প্রতি বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল রাঘওয়ানি। তার আসার খবর পেয়ে অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কাজল গাড়ির ভেতরে রয়েছেন—এমন ধারণা থেকে ভিড়ের মধ্যে কয়েকজন গাড়ির জানালার কাচ ভেঙে ফেলেন। পরে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময়ও বিপুলসংখ্যক মানুষ তার গাড়ির পেছনে ছুটছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের সুস্থতার কথা জানান কাজল। তিনি জানান, তিনি ভালো আছেন এবং কোনো আঘাত পাননি। পাশাপাশি ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দুশ্চিন্তা না করার অনুরোধ করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটির জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়ার কথা জানা গেছে। তবে শোরুম মালিক দাবি করেছেন, তিনি জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করেছিলেন।
উল্লেখ্য, অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন কাজল রাঘওয়ানি। গুজরাটি সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।



