‘নারীরা কারও সম্পত্তি নন’—ক্যাটরিনাকে নিয়ে ট্রলের প্রতিবাদ হানিয়ার

নারীদের শরীর, চেহারা, বয়স ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপের বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কনটেন্ট নির্মাতার নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, নারীদের কারও সম্পত্তি হিসেবে দেখা উচিত নয়।
সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রল ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য সামনে আসার মধ্যেই হানিয়া নিজের অবস্থান জানান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে হানিয়া বলেন, ২০২৬ সালেও নারীদের শরীর, সৌন্দর্য, বয়স, চেহারা ও ব্যক্তিগত জীবনকে হাসি-তামাশার বিষয় বানানো গ্রহণযোগ্য নয়।
এর আগে পাকিস্তানেও নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে কথা বলেছেন অভিনেত্রী জালাই সারহাদি ও আমনা ইলিয়াস। তাদের বক্তব্য ছিল, এ ধরনের আচরণের প্রভাব শুধু তারকাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সমাজের তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন নারীরাও এর নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারেন।
হানিয়া বলেন, কোনো নারীর চেহারা, শরীর কিংবা বয়সকে কেন্দ্র করে কনটেন্ট তৈরি করে সেটিকে ‘মতামত’ বা ‘হাস্যরস’ হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা আর কাউকে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করার মধ্যে পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্যের প্রভাব শুধু সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে পরিচিত বা জনপ্রিয় কেউ কোনো বক্তব্য দিলে তার অনুসারীদের মধ্যেও সেটির প্রভাব ছড়িয়ে পড়তে পারে।

হানিয়া আরও বলেন, কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি দর্শকদেরও দায়িত্বশীল হতে হবে। মানুষ কোনো কনটেন্ট দেখছে, শেয়ার করছে কিংবা জনপ্রিয় করে তুলছে—এর মাধ্যমেই নির্ধারিত হচ্ছে সমাজে নারীদের নিয়ে কী ধরনের বক্তব্যকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে দেখা হবে।
তিনি দর্শকদের প্রতি এমন কনটেন্টকে জনপ্রিয় না করার আহ্বান জানান। তার ভাষায়, সমাজে ভালো আচরণ প্রত্যাশা করার পাশাপাশি নারীদের নিয়ে অবমাননাকর বা বিদ্রূপাত্মক কনটেন্টকে জনপ্রিয় করে তোলা উচিত নয়।
নারীদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে হানিয়া বলেন, ‘নারীরা কারও সম্পত্তি নয়। তাদের শরীর জনসমক্ষে মন্তব্য করার বিষয় নয়, আর চেহারাও সবার আলোচনার উপকরণ হতে পারে না।’
তিনি আরও বলেন, নারীদের নিয়ে তামাশাকে বিনোদন হিসেবে প্রতিষ্ঠা না করে এ ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়া বন্ধ করতে সবার ভূমিকা রাখা প্রয়োজন।



