১৯ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৪ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

বৃষ্টির দিনে কেন মন খারাপ হয়? কীভাবে কাটাবেন?

IMG_4906

কয়েকদিন ধরে টানা বৃষ্টি, আকাশজুড়ে কালো মেঘ। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। এমন আবহাওয়া অনেকের কাছে স্বস্তির হলেও কারও কারও মনে হঠাৎ করে নেমে আসে বিষণ্ণতা। কিছুই ভালো লাগে না, বিরক্তি বাড়ে, এমনকি নিজের ব্যর্থতা নিয়েও অতিরিক্ত ভাবতে শুরু করেন কেউ কেউ।

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার সঙ্গে মানুষের মানসিক অবস্থার একটি সম্পর্ক রয়েছে। রোদ ঝলমলে দিন যেমন অনেকের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে, তেমনি দীর্ঘ সময় মেঘলা ও বৃষ্টিভেজা আবহাওয়া কারও কারও মধ্যে নেতিবাচক অনুভূতি বা অবসাদের প্রবণতা বাড়াতে পারে।

কেন এমন হয়?

বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সূর্যালোক না পাওয়ার কারণে শরীরে সেরোটোনিন ও মেলাটোনিনের মতো হরমোনের স্বাভাবিক নিঃসরণে পরিবর্তন আসতে পারে। এর প্রভাব কারও কারও মেজাজ ও ঘুমের ওপর পড়তে পারে। ফলে অলসতা, মন খারাপ বা অবসাদের অনুভূতি দেখা দিতে পারে।

এ ছাড়া বৃষ্টির কারণে বাইরে বের হতে না পারা, দীর্ঘ সময় ঘরে আটকে থাকা কিংবা একঘেয়েমি থেকেও বিরক্তি ও মন খারাপ তৈরি হতে পারে। আবার বৃষ্টির পরিবেশ দেখে কেউ কেউ অবচেতনভাবে নানা ধরনের আশঙ্কা বা নেতিবাচক চিন্তায় ডুবে যেতে পারেন।

অবসাদ কাটাতে যা করতে পারেন

Advertisements

বৃষ্টির দিনে ঘর অন্ধকার হয়ে থাকলে পর্যাপ্ত উজ্জ্বল আলো ব্যবহার করুন। এতে ঘরের পরিবেশ প্রাণবন্ত থাকবে এবং মনও কিছুটা ভালো হতে পারে।

নিয়মিত শরীরচর্চার অভ্যাস করুন। বাইরে বা জিমে যাওয়া সম্ভব না হলে ঘরেই হালকা ব্যায়াম করা যেতে পারে।

নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। গান শোনা, বই পড়া কিংবা পছন্দের কোনো কাজে সময় কাটালে একঘেয়েমি কমতে পারে।

বৃষ্টির দিনে অনেকের ঘুম ঘুম ভাব দেখা দেয়। তাই পর্যাপ্ত ও নিয়মিত ঘুমের দিকেও নজর দেওয়া জরুরি।

তবে দীর্ঘদিন ধরে মন খারাপ, অবসাদ বা কোনো কিছুতে আগ্রহ না পাওয়ার মতো অনুভূতি থাকলে বিষয়টি অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Advertisements