ভেঙে যাবে পুরোনো ভবন, স্মৃতির টানে সাবেকদের ডাকল নটর ডেম

নটর ডেম কলেজের ঐতিহ্যবাহী ও মূল ‘হ্যারিংটন ভবনটি’ ভেঙে ফেলার আগে সাবেক শিক্ষার্থীদের (NDC Alumni) পুরোনো ক্লাসরুম আর প্রাঙ্গণের স্মৃতিগুলো শেষবারের মতো ছুঁয়ে দেখার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই ঘোষণা সাবেকদের মধ্যে তৈরি করেছে গভীর অনুভূতি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জানান, কলেজের পুরোনো ও মূল ভবনটি ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণ করা হবে। এই স্থানে ৮ তলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে ।
অধ্যক্ষ তার বার্তায় স্মরণ করিয়ে দেন, অজস্র সাবেক শিক্ষার্থী এই ঐতিহাসিক ভবনের শ্রেণিকক্ষে পড়াশোনা করেছেন এবং এর প্রতিটি কোণে জমে রয়েছে তাদের অসংখ্য অমূল্য স্মৃতি। সেই স্মৃতিগুলোকে আরেকবার জীবন্ত করে তুলতে এবং ক্যাম্পাসের ছবি তুলে ভালোবাসার চিহ্নটুকু ফ্রেমবন্দি করে রাখতে কলেজ কর্তৃপক্ষ সাবেকদের সাদর আমন্ত্রণ জানিয়েছে।
ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহ্য ও স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সাবেক সন্তানদের আবারও প্রাঙ্গণে স্বাগত জানাতে পরম আগ্রহে অপেক্ষা করছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ।



