১৬ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১ আশ্বিন ১৪৩৩
বিনোদন

৯০ বছর বয়সে শেষ গান, রেকর্ডিংয়ের ফুটেজ দেখে কী করেছিলেন আশা ভোঁসলে?

IMG_4856

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ৯০ বছর বয়সে ক্যারিয়ারের শেষ ফিচার ফিল্মের গান রেকর্ড করেছিলেন। সম্প্রতি তার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে সেই গানের নেপথ্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে তার শেষ প্লেব্যাকের স্মৃতি।

‘ওম কা হরি’ সিনেমার জন্য ২০২৩ সালের শেষ দিকে জীবনের শেষ প্লেব্যাকটি করেন আশা ভোঁসলে। ছবিতে তার গাওয়া ‘এ মেরি জিন্দেগি, তু ছিপি হ্যায় কাহাঁ’ গানটি সম্প্রতি প্রকাশ্যে আসে। ৮ সেপ্টেম্বর তার ৯৩তম জন্মদিনে ভক্তদের জন্য উন্মুক্ত করা হয় গানটির রেকর্ডিংয়ের বিশেষ ফুটেজ।

সিনেমাটির অন্যতম অভিনেতা অংশুমান ঝা রেকর্ডিংয়ের সেই সময়ের স্মৃতিচারণ করেছেন। তার ভাষ্য, বয়সের ভারকে উপেক্ষা করে কাজের প্রতি আশা ভোঁসলের যে নিবেদন ও প্রাণশক্তি, তা স্টুডিওতে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছিল।

রেকর্ডিংয়ের সময়ও তার মধ্যে ছিল শিশুর মতো উচ্ছ্বাস। নতুন কিছু সৃষ্টি করার আনন্দ এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রবল ইচ্ছা তার আচরণে স্পষ্ট ছিল। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে পরে যখন তিনি নিজেই রেকর্ডিংয়ের ফুটেজ দেখেন, তখন নিজের কাজ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন আশা ভোঁসলে।

রঘুবীর যাদব, সোনি রাজদান, অংশুমান ঝা ও আয়েশা কাপুর অভিনীত ‘ওম কা হরি’ সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সিনেমার মুক্তির আগেই কিংবদন্তি শিল্পীর শেষ প্লেব্যাকের খবর ও রেকর্ডিংয়ের নেপথ্যের দৃশ্য ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

Advertisements