পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে কি?

পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করা বা শোনার পর আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। এ সিজদাকে বলা হয় সিজদায়ে তেলাওয়াত। সাধারণ অবস্থায় সিজদার আয়াত তিলাওয়াত বা শুনলে এ সিজদা আদায় করা ওয়াজিব।
সিজদায়ে তেলাওয়াতের জন্য আলাদা করে হাত উঠিয়ে তাকবির দিতে হয় না। দাঁড়ানো অবস্থায় ‘আল্লাহু আকবার’ বলে সরাসরি সিজদায় যেতে হয়। এরপর সিজদায় ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়ে ‘আল্লাহু আকবার’ বলে উঠে দাঁড়াতে হয়। এ সিজদায় তাশাহ্হুদ বা সালাম নেই। একটি সিজদাই যথেষ্ট।
একই সিজদার আয়াত একাধিকবার তিলাওয়াত করলে তিলাওয়াত শেষে একবার সিজদা করলেই যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে।
তবে হায়েজ বা পিরিয়ডের সময় নারীদের ক্ষেত্রে বিধানটি ভিন্ন। কোনো নারী এ অবস্থায় সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে তাকে সিজদায়ে তেলাওয়াত করতে হবে না। হায়েজ অবস্থায় সিজদার আয়াত শুনলে এ সিজদা ওয়াজিব হয় না বলে উল্লেখ করেছেন তাবেয়ী আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ি (রহ.)।
তাদের ব্যাখ্যা অনুযায়ী, হায়েজ অবস্থায় নারী যেহেতু নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতও আদায় করেন না, তাই এ অবস্থায় সিজদায়ে তেলাওয়াতও তার ওপর ওয়াজিব হয় না।



