আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সে সময় সিদ্ধান্তটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও এর নেপথ্যের পুরো বিষয়টি স্পষ্ট ছিল না। দীর্ঘদিন পর প্রকাশিত তদন্ত কমিটির প্রতিবেদনে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।
তদন্ত কমিটির দাবি, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তটি সম্মিলিতভাবে নয়, এককভাবেই নিয়েছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। নিরাপত্তাজনিত আশঙ্কার কথা সামনে রেখে তাঁর নির্দেশেই বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি সামনে এনেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, ‘শেখ হাসিনাকে আমরা চাইছি। সেখানে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন?’
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি ভারত সরকারের প্রতি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভারতকে নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ করতে আসার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জাহেদ উর রহমান জানান, ওই সাক্ষাতে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তাঁর ভাষায়, বাংলাদেশের সঙ্গে ভারতের কার্যকর যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখতে হলে এসব বিষয় ভারতকে বিবেচনায় নেওয়া উচিত। তাঁর মতে, দুই দেশের মধ্যে ‘ওয়ার্কিং এনগেজমেন্ট’ আরও সহজ করতে এ বিষয়গুলোর সমাধান গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
একদিকে বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তদন্ত প্রতিবেদনের নতুন তথ্য, অন্যদিকে ভারত থেকে শেখ হাসিনা ও অন্যদের ফেরত আনার বিষয়ে সরকারের অবস্থান—দুটি ঘটনাই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।



