ইয়েমেনে সংঘাতে অনিশ্চিত ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় ২০টি শিশুবান্ধব স্থান ও অস্থায়ী শ্রেণীকক্ষ তৈরির পাশাপাশি বিভিন্ন সুরক্ষামূলক সেবা চালু করেছে ইউনিসেফের জরুরি সহায়তা দল।
এক বার্তায় ইউনিসেফ বলেছে, সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া উচিত নয়।
গত শুক্রবারের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ ও পশ্চিম উপকূলের কয়েকটি জেলায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে বহু পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে ১৪ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর, ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।



