১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
শিক্ষা

ডিনস অ্যাওয়ার্ড নিলেন না ঢাবির প্রথম শ্রেণিতে প্রথম শিক্ষার্থী

fb-img-1789439800315-20260915083944-mu232qyknv3sdxs-20260915090158

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ‘ডিনস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেননি তাহসিন জাহান। রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের কারণে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তাহসিন জানান, চার বছরের কঠোর পরিশ্রমের পর বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জন করলেও তিনি ডিনস অ্যাওয়ার্ড গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তার মতে, কোনো পুরস্কারের মর্যাদা একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতার চেয়ে বড় হতে পারে না।

তাহসিনের অভিযোগ, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মবের হামলার শিকার হন এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগে হুমকির মুখে পড়েন। এমনকি তাকে ফাইনাল ভাইভায় অংশ নেওয়া এবং স্নাতক থিসিস জমা দেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেন তিনি। পরে কয়েকজন শিক্ষকের সহযোগিতায় অনলাইনে ভাইভা দিয়ে স্নাতক সম্পন্ন করেন।

তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাহসিন বলেন, শিক্ষাজীবনে যারা তাকে সহযোগিতা করেছেন, সেই শিক্ষকদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে যারা শিক্ষা ও ভবিষ্যৎ হারিয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই তিনি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের ৪৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য দুজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।

Advertisements
Advertisements