৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের ব্যক্তিজীবন, একা সন্তান বড় করা এবং প্রচলিত সামাজিক ধারণার বাইরে গিয়ে চলার কারণে আলোচনায় ছিলেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা। এবার ৬৭ বছর বয়সে তার মা হওয়া নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং ব্যক্তিগত জীবন নিয়ে করা নানা প্রশ্নের বিষয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে প্রশ্ন করা হয়, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আশপাশের মানুষের নানা প্রশ্ন কীভাবে সামলান তিনি। জবাবে বেশ স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান অভিনেত্রী।

নীনা বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি বিয়ে করেছ কি না করেছ—বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।’
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই এই গুঞ্জন শুরু হয়। ছবিগুলো দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে চলেছেন নীনা।
তবে পরে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই পরিষ্কার করেন। তার দাবি, শাড়ির ভাঁজ থেকেই এমন ভুল ধারণার সৃষ্টি হয়েছিল। ওই অনুষ্ঠানে শাড়ি ঠিক করার সময় কোমরের কাছে কিছুটা ফোলা দেখা গিয়েছিল। সেটি দেখেই অনেকে তাকে অন্তঃসত্ত্বা বলে ধরে নেন।

এ প্রসঙ্গে নীনা জানান, বিষয়টি নিয়ে তিনি বরং রসিকতার পথ বেছে নিয়েছিলেন। নিজের টিমকেও বলেছিলেন, তারা যেন মজা করে বলে দেন যে তিনি অন্তঃসত্ত্বা।
শুধু নিজের ক্ষেত্রেই নয়, শরীর নিয়ে কাউকে কটাক্ষ বা বডি শেমিং করা হলে একই ধরনের রসিকতা করার পরামর্শ দেন নীনা। তার মতে, কারও শরীর নিয়ে মন্তব্য করা বা ব্যক্তিগত বিষয়ে অযাচিত কৌতূহল দেখানো মোটেও স্বাভাবিক বিষয় নয়।
প্রায় পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে নীনা গুপ্তা হিন্দি সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। একসময়কার জনপ্রিয় অভিনেত্রী এই তারকা সাম্প্রতিক বছরগুলোতেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। ‘বধাই হো’, ‘বধ ২’ ও ‘মেট্রো… ইন দিনো’-এর মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজেও দেখা গেছে তাকে।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ও কৌতূহল থাকলেও নিজের সিদ্ধান্ত এবং জীবনযাপন নিয়ে বরাবরই স্পষ্ট অবস্থানে থেকেছেন নীনা গুপ্তা। এবারও ব্যক্তিগত বিষয় নিয়ে অযাচিত প্রশ্নের জবাব দিয়েছেন নিজের স্বভাবসুলভ সরাসরি ভঙ্গিতেই।



