টক-ঝাল স্বাদে মজাদার মুরগির মাংসের আচার

মাংসের আচার শুনলেই অনেকের মনে হতে পারে, আচার আবার মাংস দিয়ে হয় নাকি! কিন্তু একবার তৈরি করে দেখলেই বুঝবেন, টক-ঝাল-মশলাদার এই আচারটি কতটা মুখরোচক। গরম ভাত, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে অল্প একটু মুরগির মাংসের আচারই খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ।

উপকরণ
- হাড়ছাড়া মুরগির মাংস — ২০০ গ্রাম
- লবণ — স্বাদমতো
- হলুদ গুঁড়া — পরিমাণমতো
- মরিচ গুঁড়া — পরিমাণমতো
- সরিষার তেল — প্রয়োজনমতো
- আদা বাটা — ১½ টেবিল চামচ
- রসুন বাটা — ১½ টেবিল চামচ
- পেঁয়াজ বেরেস্তা — পরিমাণমতো
- রসুন বেরেস্তা — পরিমাণমতো
- লেবুর রস — ১টি লেবুর
- তেঁতুল — মাঝারি আকারের ১টি
- ভিনেগার — প্রয়োজনমতো

বিশেষ মশলার জন্য
- বড় এলাচ — ২টি
- ছোট এলাচ — ৬–৮টি
- গোটা জিরা — ১ চা-চামচ
- গোটা ধনে — ১ চা-চামচ
- মেথি — ১ চা-চামচ
- সরিষা — ১ চা-চামচ
- শুকনা মরিচ — ৪–৫টি
প্রণালি
প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া মেখে ১০ মিনিট রেখে দিন।
এবার তৈরি করে নিন আচারের বিশেষ মশলা। বড় এলাচ, ছোট এলাচ, গোটা জিরা, ধনে, মেথি, সরিষা ও শুকনা মরিচ একটি শুকনা কড়াইয়ে তেল ছাড়া হালকা ভেজে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে রাখুন।
পেঁয়াজ ও রসুন বেরেস্তা করে নিন। অন্যদিকে তেঁতুল ভিনেগারে ভিজিয়ে ভালোভাবে চটকে রস বের করে ছেঁকে নিন।

এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে মেরিনেট করা মুরগির টুকরাগুলো ভেজে নিন। মাংস নরম ও হালকা লালচে হলেই তুলে রাখতে পারেন। আর যদি আচারটিতে একটু মচমচে ভাব পছন্দ করেন, তাহলে মাংস ভালোভাবে লালচে ও একটু শক্ত হওয়া পর্যন্ত ভেজে নিন।
একই কড়াইয়ে প্রয়োজনমতো তেল রেখে আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে ভাজা মুরগির মাংস দিয়ে দিন। এরপর তৈরি করে রাখা বিশেষ মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার একে একে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা, তেঁতুল-ভিনেগারের রস ও লেবুর রস দিয়ে দিন। সবকিছু মাঝারি আঁচে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। মশলা ও টক-মিষ্টি স্বাদ মাংসের সঙ্গে সুন্দরভাবে মিশে এলে চুলা বন্ধ করে দিন।
ঝাল একটু বেশি পছন্দ হলে প্রয়োজনমতো মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন।
আচারটি পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার ও শুকনা কাচের বয়ামে ভরে রাখুন। বয়ামে যেন কোনো পানি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা—প্রায় সব ধরনের খাবারের সঙ্গেই জমবে এই মুরগির মাংসের আচার। অল্প পরিশ্রমে তৈরি এই আচারটি খাবারের টেবিলে এনে দেবে ভিন্ন স্বাদের এক মজাদার সংযোজন।



