৭ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ২৩ ভাদ্র ১৪৩৩
বিনোদন

অস্কারজয়ী জুলিয়ান মুরের মুকুটে নতুন সম্মান

Julianne-Moore-Still-Alice-Wash-Westmoreland-Richard

হলিউডে চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন। দীর্ঘ এই পথচলায় একের পর এক স্মরণীয় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর। অভিনয়ের সেই বর্ণিল ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরও একটি বড় স্বীকৃতি। সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পাচ্ছেন মুর। তবে পুরস্কারের খবরের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর অভিনয়ও। কারণ, নতুন সিনেমা ‘দ্য ডেবিউ’তে তাঁর অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।

জেসি আইজেনবার্গ পরিচালিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়েছে টেলুরাইড চলচ্চিত্র উৎসবে। আর সেখান থেকেই শুরু হয়েছে ছবিটিকে ঘিরে পুরস্কারের মৌসুমের সম্ভাবনার আলোচনা। সিনেমায় জুলিয়ান মুর অভিনয় করেছেন মোনা ফ্রিডম্যান নামের এক সাধারণ গৃহবধূর চরিত্রে।

মোনার জীবন অনেকটাই আটপৌরে। গির্জার কোরাসে গান গাওয়ার পর জনসমক্ষে আর কখনো গান করেননি তিনি। কিন্তু হঠাৎ করেই একটি কমিউনিটি থিয়েটারের প্রযোজনায় অভিনয়ের সুযোগ এসে যায় তাঁর সামনে। সেই সুযোগই যেন বদলে দেয় মোনার জীবন।

ছোট্ট একটি চরিত্রকে তিনি পরিণত করেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগে। ধীরে ধীরে অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ এমন পর্যায়ে পৌঁছায়, যা একসময় প্রায় নেশার মতো হয়ে ওঠে। একজন সাধারণ গৃহবধূ কীভাবে মঞ্চের একটি ছোট চরিত্রকে ঘিরে অস্বাভাবিক রকমের আবেগ ও উন্মাদনায় জড়িয়ে পড়েন—সেই পরিবর্তনের গল্পই ‘দ্য ডেবিউ’-এর অন্যতম আকর্ষণ।
মোনার এই অদ্ভুত মানসিক রূপান্তর পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলেছেন জুলিয়ান মুর। টেলুরাইড চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনীর সময় তাঁর অভিনয়ের দুটি দৃশ্যে দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালি পাওয়া গেছে। ফলে সিনেমাটি যেমন আলোচনায় এসেছে, তেমনি মুরের অভিনয়ও নতুন করে জায়গা করে নিয়েছে পুরস্কার-আলোচনায়।

অবশ্য অস্কারের মঞ্চে জুলিয়ান মুরের পরিচিতি নতুন নয়। এখন পর্যন্ত পাঁচবার একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি। এর মধ্যে একবার সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন।

‘স্টিল অ্যালিস’ সিনেমায় অ্যালিস হাওল্যান্ড চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য এক দশকেরও বেশি সময় আগে অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন মুর। সেই ঐতিহাসিক সাফল্যের পর এবার ‘দ্য ডেবিউ’ তাঁকে আবারও ফিরিয়ে এনেছে অস্কারের সম্ভাব্য আলোচনায়।

অভিনয়জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যখন নতুন সম্মাননা তাঁর মুকুটে যুক্ত হচ্ছে, ঠিক তখনই নতুন চরিত্র দিয়ে আলোচনায় আসছেন জুলিয়ান মুর। বয়স বা সময় যে তাঁর অভিনয়ের ধার কমাতে পারেনি, বরং প্রতিটি নতুন চরিত্রে নিজেকে ভিন্নভাবে মেলে ধরার ক্ষমতাই যে তাঁর সবচেয়ে বড় শক্তি—‘দ্য ডেবিউ’ যেন তারই আরেকটি উদাহরণ।

Advertisements