শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে সদস্য নিহত, আহত ১০

মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ সড়কের পাশে উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আবদুস সালাম (৪০) কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন পখিরা গ্রামের ইব্রাহিম সরদার (৩০), তার মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের সুলতান চোকদার ও রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গার নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ আসামিকে মাদারীপুর আদালতে পৌঁছে দিয়ে থানায় ফিরছিল। পথে পখিরা এলাকায় সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আবদুস সালাম নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে এক পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।



