বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
বিবিধ

ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, গোপন তথ্য পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের

IMG_4377

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার পরিকল্পনা থাকতে পারে বলে গোপন তথ্য পাওয়ার দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিষয়ে অন্য একটি তদন্তে একটি সূত্র পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার শেষ পর্যায়ে পৌঁছানো কিংবা রায় ঘোষণার অপেক্ষায় থাকার সময় ট্রাইব্যুনালে নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য তাদের কাছে রয়েছে। এ কারণে ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে।

তিনি জানান, নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারাই ট্রাইব্যুনালের নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা ও উসকানির অভিযোগে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চলছে। একটি আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং এরই মধ্যে তিন সাংবাদিক কারাগারে রয়েছেন। তদন্তে অন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক উপাদান ও প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ এনে ট্রাইব্যুনালে বিচার করা হবে।

সাগর-রুনি হত্যা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, অন্য একটি তদন্তের সময় এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি সূত্র পাওয়া গেছে। তদন্তে এ-সংক্রান্ত আরও কোনো তথ্য বা আনুষঙ্গিক প্রমাণ পাওয়া গেলে তা সংগ্রহ করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের কাছে দেওয়া হবে।

এদিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তার সাজা বাড়াতে আপিল করা হবে বলেও জানান মো. আমিনুল ইসলাম। পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisements