অন্তরঙ্গ দৃশ্যের সমালোচনার মধ্যেই নতুন প্রস্তাব কিয়ারার হাতে

‘টক্সিক’ সিনেমাকে ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন বিরতির পর বড় বাজেটের এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউডের এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা ও যশের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। প্রশংসার পাশাপাশি এসব দৃশ্য নিয়ে সমালোচনাও করছেন অনেকে।

এর মধ্যেই কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন আরেকদল নির্মাতা। জানা গেছে, ২০১৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘কী অ্যান্ড কা’-এর সম্ভাব্য সিকুয়েলে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রথম সিনেমায় কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর অভিনয় করলেও দ্বিতীয় কিস্তিতে তাদের কাউকেই দেখা যাবে না। নির্মাতাদের প্রাথমিক পছন্দ হিসেবে কিয়ারার নাম সামনে এসেছে।
আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কী অ্যান্ড কা-২’-এর নারী প্রধান চরিত্রের জন্য কিয়ারার সঙ্গে নির্মাতারা আলোচনা করেছেন। এ বিষয়ে অভিনেত্রীর কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে।

নির্মাতারা এবার ‘কী অ্যান্ড কা’ ফ্র্যাঞ্চাইজির জন্য সম্পূর্ণ নতুন একটি গল্প তৈরি করছেন। অর্থাৎ প্রথম সিনেমার গল্প যেখান থেকে শেষ হয়েছিল, সেখান থেকেই দ্বিতীয় পর্বের কাহিনি এগোবে না। বরং প্রথম সিনেমার মূল ভাবনাকে ধরে নতুন চরিত্র ও নতুন গল্প নিয়ে তৈরি হবে পরবর্তী কিস্তি। আর সেই গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রের জন্যই কিয়ারাকে ভাবা হচ্ছে।
গল্পটি শুনে কিয়ারারও পছন্দ হয়েছে বলে জানা গেছে। এ কারণে সিনেমাটিতে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি অভিনেত্রী।

অন্যদিকে, সিনেমাটির প্রধান পুরুষ চরিত্রের জন্যও অভিনেতা খুঁজছেন নির্মাতারা। এখনো কাস্টিং চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা ও প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে চলতি ২০২৬ সালের শেষ দিকে শুটিং শুরু হতে পারে বলে প্রযোজনা সূত্রের বরাতে জানা গেছে।
তবে সিনেমাটি নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে চাইছেন না নির্মাতারা। ফলে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কী অ্যান্ড কা’ সিনেমাটি মূলত দাম্পত্য জীবন ও নারী-পুরুষের প্রচলিত ভূমিকা নিয়ে তৈরি হয়েছিল। সিনেমায় কারিনা কাপুর খানের চরিত্র কিয়াকে দেখা যায় পেশাগত জীবনে সফল ও প্রতিষ্ঠিত নারী হিসেবে। অন্যদিকে অর্জুন কাপুরের কবির চরিত্র সংসারের দায়িত্ব সামলানোর পথ বেছে নেয়।

প্রচলিত সামাজিক ধারণার বাইরে গিয়ে স্বামী-স্ত্রীর দায়িত্ব, কর্মজীবন, সম্পর্ক এবং নারী-পুরুষের ভূমিকা কীভাবে নির্ধারিত হয়—এসব বিষয়ই ছিল সিনেমাটির মূল আলোচনায়। সম্ভাব্য সিকুয়েলেও সম্পর্ক ও লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। তবে গল্প ও চরিত্র এবার সম্পূর্ণ নতুন হবে।
এদিকে ‘টক্সিক’ নিয়েও আলোচনার কেন্দ্রে রয়েছেন কিয়ারা। যশের সঙ্গে তার জুটি এবং সিনেমার কয়েকটি ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এসব দৃশ্যের কারণে একদিকে যেমন কিয়ারার অভিনয় নিয়ে আগ্রহ বেড়েছে, অন্যদিকে তাকে সমালোচনা ও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে।



