বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
নারী

‘আমি এখনও কাঁদছি’—ছেলের অবসরে মেসির মা

1575526108

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তে বিশ্বের কোটি কোটি ভক্ত যখন আবেগাপ্লুত, তখন আরও গভীর শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন তার মা সেলিয়া কুচিত্তিনি। ছেলের অবসরের সিদ্ধান্ত আগে থেকেই জানা থাকলেও বিদায়ের এই মুহূর্তে নিজেকে সামলাতে পারছেন না তিনি। আবেগ ধরে রাখতে না পেরে সেলিয়া বললেন, ‘আমি এখনও কাঁদছি।’

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্টের বর্ণিল অধ্যায়ের ইতি টেনেছেন মেসি। তার আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে স্মৃতিচারণ। সতীর্থদের আবেগঘন বার্তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্জেন্টাইন সমর্থকরাও প্রিয় তারকার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ও অর্জনগুলো স্মরণ করছেন।

মেসির অবসরের সিদ্ধান্ত গভীরভাবে নাড়া দিয়েছে তার মা সেলিয়াকেও। এর সঙ্গে যোগ হয়েছে পরিবারের সাম্প্রতিক এক বড় শোক। স্বামী ও মেসির বাবা হোর্হে মেসিকে হারানোর মাত্র ২৩ দিনের ব্যবধানে ছেলের আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত—পরপর ঘটে যাওয়া এই দুই ঘটনা সেলিয়ার জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

এক সাক্ষাৎকারে সেলিয়া বলেন, ‘আমি এখনও কাঁদছি। যদিও আমরা আগে থেকেই জানতাম, তবুও পুরো পরিবার ভেঙে পড়েছে। তবে সবচেয়ে বড় কথা, ও শান্তিতে আছে, ও সুখী।’

ছেলের অবসরের প্রসঙ্গে বলতে গিয়ে প্রয়াত স্বামী হোর্হে মেসির কথাও স্মরণ করেন সেলিয়া। তিনি বলেন, ‘ওর বাবা সবসময় বলত, “ও যখন আর খেলবে না, তখন আমি কী করব?” আসলে সবকিছু একসাথেই ঘটে গেল, যা বিশ্বাস করা কঠিন।’

মেসির জীবনে পরিবার বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনা—বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এগিয়েছেন তিনি। জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তও এর ব্যতিক্রম ছিল না।

বিশ্বকাপ জয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন মেসি। ফলে তার অবসরের ঘোষণা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না; বরং বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই ভাবনা-চিন্তা চলছিল।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজের খোলা চিঠিতেও জানিয়েছেন, বিদায়ের কথাগুলো তিনি আগেই লিখে রেখেছিলেন।

তবে মেসির জীবনে বাবার মৃত্যুরও গভীর প্রভাব পড়েছে বলে জানা যায়। হোর্হে মেসি শুধু তার বাবা ছিলেন না, ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পথপ্রদর্শকও ছিলেন। তাই বাবাকে হারানোর পর জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে মেসি নতুন করে ভাবতে শুরু করেন। শেষ পর্যন্ত সেই ভাবনারই অংশ হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisements