বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন

বিদায়ের ঘোষণার পর মেসিকে প্রশংসায় ভাসালেন স্ত্রী আন্তোনেলা

SPAIN-ENTERTAINMENT-FBL-CIRQUE DU SOLEIL-MESSI

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন তারকা ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা দেন তিনি। মেসির এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন তার অসংখ্য ভক্ত-সমর্থক।

তবে মেসির বিদায়ের এই বিশেষ মুহূর্তকে হাসিমুখেই উদযাপন করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতনের স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সেখানে মেসিকে এভাবে একটি অধ্যায়ের সমাপ্তি টানতে দেখে নিজের গর্বের কথা জানিয়েছেন আন্তোনেলা।

মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে আন্তোনেলা লিখেছেন, ‘কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ; আবার কত হতাশা ও কঠিন সময়ও ছিল। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়ে যেতে দেখেছি, আবার উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কিছুই তোমার পক্ষে যাচ্ছিল না, তখনও তোমাকে লড়াই করে যেতে এবং বারবার চেষ্টা করতে দেখেছি।’

মেসির স্বপ্নপূরণের পুরো যাত্রার সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন আন্তোনেলা। তিনি বলেন, ‘এত বছর পর আমি সৌভাগ্যবান যে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেখেছি এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর কিছু মুহূর্ত তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি।’

মেসির ক্যারিয়ারের প্রতিটি সাফল্য ও ব্যর্থতার সময়ে তার পাশে ছিল পরিবার। সম্প্রতি মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পরিবারটি এমনিতেই শোকের আবহের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই স্বামীর বিদায়ের সিদ্ধান্ত নিয়ে আবেগঘন এই বার্তা দিলেন আন্তোনেলা।

মেসিকে শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, একজন বাবা হিসেবেও প্রশংসা করেছেন তিনি। আন্তোনেলা লিখেছেন, ‘এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। এরপর তারা নিজের চোখে দেখেছে, সে কীভাবে সব অর্জন করেছে এবং বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে।’

মেসির জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলায় ছিল অসংখ্য চড়াই-উতরাই। একসময় সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ বড় সাফল্য অর্জন করেন তিনি। সেই দীর্ঘ যাত্রার শেষপ্রান্তে এসে মেসির পাশে থাকার পাশাপাশি তার অর্জন ও মানসিক দৃঢ়তার প্রশংসাই করেছেন আন্তোনেলা।

Advertisements