বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা

ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

ssc_1786464189

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বিশেষ নীতি গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিক্ষার্থীকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

রোববার (৩০ আগস্ট) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সরকার বিশেষ পলিসি তৈরি করছে। তিনি বলেন, আগের সরকার এসব শিক্ষার্থীদের নিয়ে যথেষ্ট ভাবেনি। তবে বর্তমান সরকার তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

মাহদী আমিন বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য তরুণদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করা হবে। এর মাধ্যমে তাদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি প্রয়োজন হলে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তাও দেওয়া হতে পারে।

এদিকে এবারের পরীক্ষার ফলাফল ও মূল্যায়ন পদ্ধতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অতীতে ফলাফল ভালো দেখানোর জন্য কৃত্রিমভাবে জিপিএ-৫ বাড়িয়ে দেখানো এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থা বন্ধ করেছে। এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি এবং শিক্ষার্থীরা নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে তাদের প্রকৃত ফলাফল পেয়েছে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় মোট অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। ফলে বিপুলসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থীর শিক্ষা ও কর্মজীবন থেকে ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সরকারের এই বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisements