বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩১ আগস্ট, ২০২৬
নারী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জাতীয় নারী শক্তি

032-1788185086

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নারী শক্তি। সংগঠনটির আহ্বায়ক মনিরা শারমিনের দাবি, এই সময়ে রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়েছে। এসব অপরাধ বৃদ্ধির পেছনে মাদকেরও বড় ধরনের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ছিনতাই-ডাকাতি ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে সোমবার (৩১ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে জাতীয় নারী শক্তি। এনসিপির অঙ্গসংগঠন হিসেবে পরিচিত সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মনিরা শারমিন সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পরিস্থিতির প্রকৃত চিত্র বুঝতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে জনগণের বাস্তব অবস্থা দেখতে হবে। শুধু জনবিচ্ছিন্ন বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মনিরা শারমিনের দাবি, গত ১৮০ দিনে দেশে প্রায় ৪০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও কমেনি; বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করেন তিনি।

ছিনতাই ও ডাকাতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব অপরাধ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ রাস্তায় বের হতেও আতঙ্ক বোধ করছে। এর উদাহরণ হিসেবে তিনি বগুড়া থেকে ঢাকায় চিকিৎসার জন্য আসা প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনা উল্লেখ করেন।

মনিরা শারমিন বলেন, চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হামলায় রনজিলা পারভীনের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তার মতে, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধের সঙ্গে মাদকের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। মাদকের কারণে তরুণ সমাজও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Advertisements

তরুণদের মাদক থেকে দূরে রাখতে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও মাদক নিয়ন্ত্রণ ও তরুণ সমাজকে সুরক্ষিত রাখার বিষয়ে কার্যকর বক্তব্য খুব একটা দেখা যাচ্ছে না বলে দাবি করেন জাতীয় নারী শক্তির এই নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র সম্পর্কে যথেষ্ট তথ্য রাখেন না বলেও অভিযোগ করেন মনিরা শারমিন। তাঁর ভাষ্য, বিভিন্ন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে বক্তব্য দিলেও বাস্তবে পরিস্থিতি কতটা ভালো বা খারাপ হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তাঁর কাছে নেই।

তিনি বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি অর্থবহ হয় না। সরকারের উচিত নাগরিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে বলে তারা আশা করেছিলেন উল্লেখ করে মনিরা শারমিন বলেন, সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। রাজনৈতিক সহিংসতায় মানুষের প্রাণহানি অব্যাহত রয়েছে। তার দাবি, গত ১৮০ দিনে সরকারদলীয় লোকজনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন।

সমাবেশে তিনি দেশের জ্বালানি সংকট নিয়েও বক্তব্য দেন এবং এ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিষয়েও প্রশ্ন তোলেন।

রনজিলা হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে

এদিকে রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় বগুড়ার গাবতলীর বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

জানা যায়, চোখের চিকিৎসার জন্য গত শনিবার ভোরে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিলা পারভীন। গাবতলীতে বাস থেকে নামার পর তারা ব্যাটারিচালিত একটি রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের রিকশার গতিরোধ করে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী। তারা রনজিলার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‍্যাব-২-এর সদস্যরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তার সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করেন।

পরে গতকাল তাদের শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রনজিলা পারভীন হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Advertisements