বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন

ফের বয়সে ছোট ‘প্রেমিককে’ ঘিরে আলোচনায় মালাইকা

malika_20251104_172254018

বলিউডে মালাইকা আরোরা মানেই নাচ, গ্ল্যামার আর আলোচনার কেন্দ্রবিন্দু। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় আইটেম গানে পারফর্ম করে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই তারকা ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। বিশেষ করে তাঁর প্রেম ও সম্পর্কের খবর যেন নেটিজেনদের কৌতূহলের শেষ নেই।

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই আলোচনায় ফের উঠে এসেছে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার নাম। দুজনের বয়সের ব্যবধানও নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। হর্ষ নাকি মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট।

ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড বাবল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার পর মালাইকা ও হর্ষের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত ২৯ আগস্ট মুম্বাইয়ের বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা যায় তাঁদের। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা—তাহলে কি বন্ধুত্বের সম্পর্ক পেরিয়ে অন্য কোনো সমীকরণ তৈরি হয়েছে তাঁদের মধ্যে?

অবশ্য মালাইকা ও হর্ষকে ঘিরে গুঞ্জন নতুন নয়। গত বছর একটি কনসার্টে হর্ষের সঙ্গে মালাইকার একটি ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি ঘিরেই প্রথম জোরালোভাবে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে ইতালির রোমেও তাঁদের একসঙ্গে সময় কাটানোর খবর সামনে আসে।

শুধু তাই নয়, ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির একটি পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মালাইকা ও হর্ষকে। সেই পার্টির ছবি প্রকাশ্যে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। মালাইকার পরিবারের আয়োজিত ওনাম উৎসবেও হর্ষের উপস্থিতি নজর এড়ায়নি কারও।

একটির পর একটি ঘটনায় নেটিজেনদের অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। তাঁদের ধারণা, মালাইকা ও হর্ষের মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মালাইকা। সম্পর্কের গুঞ্জন নিয়ে তাঁর নীরবতাই যেন জল্পনাকে আরও উসকে দিচ্ছে। মালাইকার ব্যক্তিগত জীবনে সম্পর্কের আলোচনা অবশ্য নতুন কিছু নয়। ১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় তাঁর। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তাঁরা। পরের বছর, ২০১৭ সালের মে মাসে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সাবেক এই দম্পতির একমাত্র সন্তান আরহান খান।

বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের বন্ধনে জড়াননি মালাইকা। তবে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। বয়সের ব্যবধান নিয়ে সেই সম্পর্কের শুরু থেকেই নানা আলোচনা ছিল। শেষ পর্যন্ত সেই সম্পর্কও টেকেনি।
এখন হর্ষ মেহতাকে ঘিরে নতুন গুঞ্জন কতটা সত্যি, নাকি তাঁরা কেবলই ভালো বন্ধু—তার উত্তর একমাত্র মালাইকার কাছেই। আপাতত তিনি নীরব। আর সেই নীরবতাকেই ঘিরে বলিউডে চলছে নতুন জল্পনা।

Advertisements