স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে ডাকলে কি তালাক হয়?কাফফারা নিয়ে যা জানা জরুরি

স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্বোধন নিয়ে অনেকের মধ্যেই নানা ধরনের প্রশ্ন রয়েছে। বিশেষ করে স্ত্রীকে ‘আপু’, ‘বোন’ কিংবা স্বামীকে ‘ভাই’, ‘ভাইয়া’ বলে ডাকলে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে কি না- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন আলোচনা দেখা যায়। ইসলামি শরিয়তের ব্যাখ্যা অনুযায়ী, এমন সম্বোধন মাকরুহ বা অপছন্দনীয় হলেও এর কারণে সরাসরি তালাক হয়ে যায় না। একইভাবে এ জন্য কোনো কাফফারাও দিতে হয় না।

সুনানে আবু দাউদে (হাদিস নম্বর ২২০৪) বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তার স্ত্রীকে ‘হে আমার বোন’ বলে সম্বোধন করলে আল্লাহর রাসুল (সা.) এ ধরনের সম্বোধন অপছন্দ করেন এবং বলেন, ‘সে কি তোমার বোন?’ এ হাদিসের ভিত্তিতে আলেমরা স্ত্রীকে বোন বা এ ধরনের সম্বোধনে ডাকা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
তবে কোনো স্বামী যদি স্ত্রীকে ‘বোন’ বা ‘আপু’ বলে ফেলেন, কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে ডাকেন, তাহলে এতে তাদের বিবাহ ভেঙে যাবে না এবং তালাকও সংঘটিত হবে না। এ কারণে কোনো কাফফারাও ওয়াজিব হবে না। তবে যেহেতু এ ধরনের সম্বোধন শরিয়তসম্মত আদবের পরিপন্থী বা অপছন্দনীয় হিসেবে বিবেচিত, তাই ভবিষ্যতে এমন শব্দ ব্যবহার না করাই উত্তম।

স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্বোধন ব্যবহার করা উচিত, যাতে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা প্রকাশ পায়। চাইলে সন্তানদের নামের সঙ্গে সম্পর্কিত করে স্ত্রীকে ‘অমুকের আম্মু’ কিংবা স্বামীকে ‘অমুকের আব্বু’ বলে ডাকা যেতে পারে। আবার দুজনের পছন্দ অনুযায়ী আদুরে নামেও একে অপরকে সম্বোধন করা যেতে পারে। নাম ধরে ডাকাও ইসলামে নিজে থেকে নিষিদ্ধ নয়। তবে তা নির্ভর করে পারিবারিক ও সামাজিক সংস্কৃতির ওপর। কোনো সমাজে স্বামী বা স্ত্রীকে নাম ধরে ডাকা অসম্মানজনক হিসেবে বিবেচিত হলে এবং সংশ্লিষ্ট ব্যক্তি এতে কষ্ট পেলে এমন সম্বোধন থেকে বিরত থাকা উচিত।
এ বিষয়ে হাদিসে একটি উদাহরণও পাওয়া যায়। সহিহ বুখারির (হাদিস নম্বর ৩৩৬৫) বর্ণনা অনুযায়ী, ইবরাহিম (আ.) যখন তার স্ত্রী হাজেরা (আ.) ও শিশু ইসমাইল (আ.)-কে মক্কার জনমানবহীন উপত্যকায় রেখে যাচ্ছিলেন, তখন হাজেরা (আ.) তাকে ‘হে ইবরাহিম’ বলে সম্বোধন করেছিলেন। অর্থাৎ, স্বামীকে নাম ধরে ডাকার প্রচলন সে সময়ের আরব সমাজে ছিল।
তাই স্বামী-স্ত্রীর সম্বোধনের ক্ষেত্রে মূল বিষয় হওয়া উচিত সম্মান, ভালোবাসা ও পারস্পরিক পছন্দ। ‘আপু’, ‘বোন’, ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলা এড়িয়ে চলা ভালো; তবে এমন সম্বোধনের কারণে বিবাহ বিচ্ছেদ বা কাফফারার বিধান তৈরি হয় না।



