বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৯ আগস্ট, ২০২৬
বিবিধ

কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বাড়ি, তদন্তের দাবি

4141-1784990407 (1)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক বড় সরদার বাড়ি শুটিংয়ের কাজে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার সময় ভবনটির কয়েকটি অংশ ভেঙে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতারা।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।

শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের বড় সরদার বাড়ি দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি। প্রায় ৫০০ বছরের পুরোনো এই ভবনটি মুঘল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হিসেবেও পরিচিত। সম্প্রতি শুটিংয়ের জন্য স্থাপনাটি কোক স্টুডিওর কাছে ভাড়া দেওয়া হয়।

তার অভিযোগ, শুটিংয়ের জন্য স্থাপিত অস্থায়ী কাঠামো খুলে ফেলার সময় ভবনের কয়েকটি অংশ ভেঙে পড়ে। এতে ঐতিহাসিক স্থাপনাটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

সংগঠনটির নেতাদের ভাষ্য, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বড় সরদার বাড়ির সামান্য ক্ষতিও ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা না হলে স্থাপনাটির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা ঘটনার বিষয়ে দ্রুত তদন্ত করে দায় নির্ধারণের দাবি জানান। পাশাপাশি প্রত্নসম্পদ সংরক্ষণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার এবং ভবনটির ঐতিহাসিক নকশা ও কাঠামো অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শনকে বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা ও সংরক্ষণবিধি অনুসরণ করা জরুরি। ভবিষ্যতে এমন স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর নীতিমালা ও কার্যকর নজরদারি নিশ্চিত করারও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শিল্পী ও কারুশিল্পীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তুলে ধরা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের চারু ও কারুশিল্পীদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Advertisements