বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
বিবিধ

পাঁচ বছর পর বাড়ি ফিরে মাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে

IMG_4178

যশোর সদর উপজেলায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের বাজে-দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা খাতুন (৫৫) স্থানীয় আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত তার বড় ছেলে মামুন। তিনি ঝিকরগাছার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রব্বানী হোসেন জানান, মামুনের আগে দুটি বিয়ে হয়েছিল। দুই স্ত্রীর সঙ্গেই দাম্পত্য কলহের জেরে তার বিচ্ছেদ হয়। মামুন এসব বিচ্ছেদের জন্য মাকে দায়ী করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার আগেও বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বাড়িতে ফেরার পর বিকেলে মায়ের সঙ্গে কথা বলার সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন ধারালো বটি দিয়ে মাকে গলায় কয়েকবার কোপ দেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা খাতুনের মৃত্যু হয়। পরে মামুন সেখান থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুন্না বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertisements