স্কুল ফিডিংয়ে এবার রান্না করা খাবার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সঠিক সময়ে ও সঠিকভাবে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। এসব দেশের উদাহরণ বিবেচনায় নিয়ে বাংলাদেশেও রান্না করা খাবার দেওয়ার বিষয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, শ্রীলঙ্কা ও ভারতের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করেন স্কুলের মায়েরা। এর বিনিময়ে তারা অর্থ পান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে একাধিক পদ্ধতি বিবেচনায় নেওয়া হবে। তবে যে পদ্ধতিই গ্রহণ করা হোক না কেন, শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।
সভায় স্কুলব্যাগ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ নিয়ে অনেক অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোর ক্ষেত্রে এ ধরনের অভিযোগ বেশি।
তিনি জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের চেষ্টা চলছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের যেন অতিরিক্ত বই বহন করতে না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বই শ্রেণিকক্ষেই রাখার ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
কিন্ডারগার্টেন স্কুলগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কতগুলো বই দেওয়া যাবে এবং কী কী বিষয় পড়ানো যাবে, সে বিষয়ে মৌলিক নীতিমালা তৈরির কাজ করছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনা ও বইয়ের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মো. আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।



