বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নারী

চট্টগ্রামগামী বিমানে নারীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ

1767532447-56a31da08e76bceb83508

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে যাত্রীর চিকিৎসার জন্য ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ছানোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার বাড়ি চট্টগ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে ছানোয়ারা বেগমের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলমান রয়েছে।

তিনি আরও জানান, যাত্রীর মরদেহ মাসকটে রেখে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর ফ্লাইটটি অন্য যাত্রীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে আবারও যাত্রা করেছে। ফ্লাইটটির বুধবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।