ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র্যাবের নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ধর্মীয় এই আয়োজনকে ঘিরে নাশকতা, অপ্রীতিকর ঘটনা কিংবা গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার পর্যবেক্ষণ। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করেও কাজ করছে র্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তা পরিকল্পনার আওতায় প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে। অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজন অনুযায়ী র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকির মাত্রা বিবেচনায় জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনের জন্য ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় পর্যায়েও নিরাপত্তা কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করা হয়েছে। মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্ভাব্য হামলা বা নাশকতা ঠেকাতে সন্দেহভাজন ও স্বার্থান্বেষী গোষ্ঠীর ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক কিংবা বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়েও সতর্ক নজর রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক কনটেন্ট শনাক্ত করতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করা হয়েছে।
র্যাব ফোর্সেস জানিয়েছে, দেশবাসী যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।



