বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
বিবিধ

শ্রীমঙ্গলে ট্রেনপথে আসছিল ভারতীয় পণ্য, জব্দ প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স

d491093b9d38ef75b1295e5c37c24160-6a8a96e0485b4 (1)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে ভারতীয় পণ্য পাচারের তথ্য পাওয়ার পর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে এসব পণ্য পরিবহন করা হচ্ছিল। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৪৬ বিজিবি কর্তৃপক্ষ বলেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছে বাহিনীটি।

চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিজিবি বলেছে, অবৈধ পণ্য পরিবহন বা পাচার সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

Advertisements