মনিরামপুরে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১১) এবং একই গ্রামের প্রতিবেশী অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৭)। তারা সম্পর্কে দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জিসান ও ইয়াসমিন বাড়ির পাশের পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে যায়। শাপলা তুলতে গিয়ে একপর্যায়ে ইয়াসমিন পানিতে ডুবে যায়। তাকে ডুবে যেতে দেখে জিসান তাকে উদ্ধারের জন্য পানিতে নামে। কিন্তু সেও সাঁতার কাটতে না পেরে পানিতে ডুবে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান। পরে স্থানীয়দের চেষ্টায় বাওড়ের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, জিসান ও ইয়াসমিন দুজনই ওই মাদ্রাসার ইবতেদায়ি শাখার শিক্ষার্থী ছিল। জিসান হোসেন চতুর্থ শ্রেণিতে এবং ইয়াসমিন খাতুন প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে দুই শিশু শাপলা তুলতে বাওড়ে গিয়েছিল। প্রথমে ইয়াসমিন পানিতে ডুবে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জিসানও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
অল্প বয়সী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে।



