উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ইয়াসমিন আহমেদ

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউইএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চামড়া ব্যবসায়ী ও উদ্যোক্তা ইয়াসমিন আহমেদ।
গত ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে আগামী দুই বছরের জন্য ইয়াসমিন আহমেদ সভাপতি নির্বাচিত হন। সম্প্রতি রাজধানীর বারিধারা কসমোপলিটন ক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করে।

অনুষ্ঠানে ডব্লিউইএর প্রতিষ্ঠাতা ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত রোকেয়া আফজাল রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করে আসছে।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন নীলুফার সিদ্দীকা। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আনিজা চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন মাহজাবীন আখতার নাজিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা অ্যান্থনি।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আকলিমা সুলতানা সনি এবং যুগ্ম কোষাধ্যক্ষ আরশিয়া নাজ তাবাসসুম।
পরিচালক পদে রয়েছেন রোকসানা আনোয়ার, আয়েশা সিদ্দীকা, সীমা আতিয়া রেজা, রুম্মানা পারভীন ও ফারহানা এস. চৌধুরী।
উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন উদ্যোক্তা খাদিজা আফজাল, উদ্যোক্তা ও ডব্লিউইএর সদ্য সাবেক সভাপতি শীজান খান, উদ্যোক্তা কওসার জাহান ফরিদা মনি, ফ্রিল্যান্স কনসালট্যান্ট ও জেন্ডার এবং ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ নীলুফার করিম এবং আইএইচএমএইচের ব্যবস্থাপনা পরিচালক ও সেন্টার প্রধান ড. রুবিনা হুসাইন।
নতুন কমিটি আগামী দুই বছরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, নেটওয়ার্কিং, নেতৃত্ব বিকাশ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করবে বলে সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ডব্লিউইএ আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে এবং দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।



