বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
নারী

নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ, মহেশপুরে ট্রেনে পাথর নিক্ষেপ

cdd66ff1-24ed-4f39-9698-38ec3d3e4aa5

গোপালগঞ্জের কাশিয়ানীতে নারী যাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে ঢাকাগামী একটি কমিউটার ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মহেশপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়লে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এতে ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন ঢাকার কেরানীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী ও কাশিয়ানীর মহেশপুর এলাকার কয়েকজন কিশোর-তরুণ গোপালগঞ্জ ঘুরতে যান। পরে তারা ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে করে ফিরছিলেন। যাত্রাপথে এক নারী যাত্রীর সামনে অশ্লীল ভাষা ব্যবহার ও তাকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

এর মধ্যে বোয়ালমারীর কয়েকজন তরুণ মহেশপুরের যুবকদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে মহেশপুরের কয়েকজন যুবক স্থানীয় লোকজনকে ফোন করে স্টেশনে জড়ো হতে বলেন।

প্রত্যক্ষদর্শী রুবায়েত ফেরদৌস, তাহসিন জামান ও তামান্না আফরিন জানান, রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে সেখানে জড়ো হওয়া লোকজন ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে মারধরের চেষ্টা করেন। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীরা ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেন। এরপর বাইরে থেকে দলবদ্ধ লোকজন ট্রেন লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ছুড়তে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ট্রেনটি দ্রুত স্টেশন ছেড়ে যায়।

এদিকে একই ট্রেন ভাঙ্গা স্টেশন ছাড়ার আগে আসনে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় মোহাম্মদ রোহন নামে এক যাত্রীকে মারধর করা হয়। এছাড়া দুই শিশুকে রক্ষা করতে গিয়ে আরও এক যাত্রী আহত হন। তাঁর পরিচয় জানা যায়নি।

ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি মাদারীপুরের শিবচরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক সহায়তা চেয়েছেন।

তিনি বলেন, নারী যাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় কয়েকজনের মধ্যে তর্কাতর্কির জেরে মহেশপুর স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায় এবং পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেরানীগঞ্জে রেলওয়ে পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

Advertisements
ট্রেননারীপ্রতিবাদমহেশপুর