বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৭ আগস্ট, ২০২৬
বিবিধ

গাজীপুরে বনের ভেতর পড়ে ছিল ১০ ঘোড়ার মাথা-চামড়া-হাড়, মাংস নিয়ে যাওয়ার অভিযোগ

IMG_3624

গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অন্তত ১০টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, ঘাস কাটতে গিয়ে প্রথমে এক ব্যক্তি বনের ভেতর ঘোড়ার দেহের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান।

স্থানীয় বাসিন্দা মো. আজিজুল ইসলাম বলেন, ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে ঘোড়ার মাথা, চামড়া, হাড়গোড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। সেখানে অন্তত ১০টি ঘোড়ার দেহের বিভিন্ন অংশ ছিল।

আরেক বাসিন্দা মো. মোস্তফা বলেন, এলাকাটি গভীর বনঘেরা। কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের সঙ্গে যুক্ত একটি হাঁটাপথের দুই পাশে জঙ্গলের মধ্যে এসব দেহাবশেষ পড়ে ছিল। তার ধারণা, দুর্বৃত্তরা সেখানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে।

স্থানীয় সিরাজুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো চক্র গোপনে ঘোড়ার মাংস সংগ্রহ করে তা অন্য মাংসের নামে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন প্রধানও ঘটনাস্থলে কোনো চক্র ঘোড়া জবাই করেছে বলে ধারণা করছেন।

এর আগে ২০২৫ সালের ২১ নভেম্বর ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে দুটি জবাই করা ঘোড়ার মাংস স্থানীয়রা জব্দ করেছিলেন।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ফেলে যাওয়া ঘোড়ার দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisements
গাজীপুরবাংলাদেশ