বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
নারী

ফুটপাতের দোকানের পিঁয়াজু খেয়ে চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ ৯ শিক্ষার্থী

2491ce66-6918-46a1-a7b6-4e008d23e138

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ শিক্ষার্থী ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। খাওয়ার কিছুক্ষণ পর তাদের কারও মাথাব্যথা, কারও মাথা ঘোরা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।

মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম জানান, টিফিনের সময় সপ্তম শ্রেণির ৮ থেকে ১০ জন শিক্ষার্থী বিদ্যালয়ের বাইরে একটি দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। খাবার খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তবে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রহমতুল্লাহ বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা বিপদমুক্ত রয়েছে। তবে সতর্কতার জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বাইরের খাবার খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। যেসব দোকান থেকে শিক্ষার্থীরা খাবার খেয়েছে, সেসব দোকানে মানসম্মত খাবার প্রস্তুত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। মানসম্মত খাবার প্রস্তুত না হলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

Advertisements
অসুস্থচাঁপাইনবাবগঞ্জপিঁয়াজুফুটপাতশিক্ষার্থী