অবৈধ অটোরিকশায় মধ্যরাতে বাড়ছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

অবৈধ ব্যাটারি অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যাটারি অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিশেষ করে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাচ্ছে। এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে হামলার ঘটনাও ঘটছে। সরকার অবৈধ সংযোগ বন্ধে কাজ করছে।
এদিকে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ১০–১২ দিন আগে একটি এলএনজি এফএসআরইউর (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) অর্ডার করা হয়েছে। আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেগুলো ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া মোংলা–হিরণ পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী।
দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



