আগের নিয়মেই একাদশে ভর্তি, নিশ্চিত করলেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগের মতো মার্ক বা জিপিএ পদ্ধতিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।’
এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষকরা কঠোর ছিলেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রসিকতা করে মন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’
এ সময় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর’ বলেও মন্তব্য করেন তিনি। এক সাংবাদিক ফলাফল খারাপ হয়েছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’
পরীক্ষায় ভালো করার পরও অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল না পাওয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, পুনঃপরীক্ষণের ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। আগে ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে।
তিনি জানান, যেসব শিক্ষার্থী ফল পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাঁদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোনো ভুলত্রুটি পাওয়া গেলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।



