বিয়ের ২১ বছর পর ৫ সন্তানের জননী স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দাম্পত্য জীবনে নানা কারণে বিচ্ছেদ হতে পারে। এক্ষেত্রে এমন কিছু ঘটনা সামনে আসে যা রীতিমতো সকলকে বিস্মিত করে দেয়। ঠিক যেমনটা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলায়। সেখানে ২১ বছর ধরে সংসার করার পর স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী।
গত কয়েক মাস ধরে তাদের সুখের সংসারে অশান্তি শুরু হয়। ফুলমতীর সঙ্গে ২৬ বছরের যুবক অবধেশের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ও দ্বন্দ্ব বাড়তে থাকে। প্রায় দুই মাস আগে ফুলমতী অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলেও যান। পরে পরিবারের লোকজন বুঝিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনলেও দাম্পত্য কলহ থামেনি।
ফুলমতী স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি আর বুদ্ধিরামের সঙ্গে থাকতে চান না এবং অবধেশের সঙ্গেই জীবন কাটাতে চান। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বুদ্ধিরাম এক বিশাল ও সাহসী সিদ্ধান্ত নেন। তিনি স্ত্রীকে জোর করে আটকে না রেখে, যার সঙ্গে তিনি থাকতে চান তার সাথেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্য এবং গ্রামের প্রধানের কাছ থেকে জানা গিয়েছে, ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। এত বছর ধরে একসঙ্গে দিব্যি সংসার করেছেন। তাদের ৫ সন্তান রয়েছে। তাদের বড় ছেলের বয়স ১৮ বছর।
এরপরই আশরফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতী ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে মন্দিরেই তাদের বিয়ে হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই বিয়েতে বুদ্ধিরাম নিজেও উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ আসেনি। তাই পুলিশ এই ঘটনায় কোনও মামলা বা আইনি পদক্ষেপ নেয়নি।



