৩০ বছর পরেও বিয়েকেই জীবনের ‘সবচেয়ে বড় পুরস্কার’ বললেন অপরাজিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও অতনু হাজরার দাম্পত্য জীবনের ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পড়েছে। বিবাহবার্ষিকীর বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।
অপরাজিতা লিখেছেন, জীবনের সবচেয়ে বড় পুরস্কার কী জানতে চাওয়া হলে তিনি কোনো দ্বিধা ছাড়াই তার বিয়ের কথা বলেন। কারণ জীবনের নানা সময়ে তাকে ভুল বোঝা ও বিচার করা হলেও শ্বশুরবাড়িতে কখনো তাকে সেই কাঠগড়ায় দাঁড়াতে হয়নি।

অভিনেত্রীর ভাষায়, তার ভুলের চেয়ে শ্বশুরবাড়ির মানুষ তার ভুলের পেছনের কারণ ও ভালো উদ্দেশ্যকে গুরুত্ব দিয়েছেন। তার অসম্পূর্ণতার মধ্যেও ভালো দিক খুঁজে নিয়ে তাকে যেমন, তেমনভাবেই গ্রহণ করেছেন তারা।
এই নিঃশর্ত গ্রহণযোগ্যতাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন অপরাজিতা। গুরু-কৃপায় ভালোবাসা, বিশ্বাস ও পরস্পরের হাত ধরে বাকি জীবনও পার করে দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
দাম্পত্য জীবনের এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি অতনুর হাত ধরেই জীবনের বাকি পথ পাড়ি দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
বিবাহবার্ষিকী উপলক্ষে কলকাতার গণমাধ্যমকে অপরাজিতা জানান, তার প্রথম সিনেমার পরিচালক প্রয়াত জগন্নাথ গুহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার বর্তমান অবস্থানের পেছনে। এমনকি অতনুর সঙ্গে তার পরিচয়ের সূত্রও ছিলেন এই নির্মাতা। তাই বিশেষ দিনে প্রয়াত পরিচালকের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী।



