জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলা কঙ্গনার সুর বদল, এবার বললেন ‘দেশের সম্পদ’

জেন-জি নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলার পর এবার সেই অবস্থান থেকে সরে এসে জেন-জিকে দেশের শক্তি ও সম্পদ বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই দেশের অন্যতম বড় শক্তি। তারা দেশের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে একটি বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের মন্তব্যে ক্ষুব্ধ হন কঙ্গনা। ওই সময় জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাদের কিছু ভিডিওকে বমি উদ্রেককারী বলেও মন্তব্য করেছিলেন তিনি।
কঙ্গনার সেই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এবার নতুন বক্তব্যে সেই তরুণ প্রজন্মকেই দেশের জন্য বড় সম্পদ হিসেবে উল্লেখ করলেন এই অভিনেত্রী-রাজনীতিক।



