বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
স্পটলাইট

চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

whatsapp-image-2023-05-06-at-453

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার সতর্কবার্তাটি আগামী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য। এরপরও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে এবং বৃষ্টির পরিমাণও কিছুটা হ্রাস পাবে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Advertisements

এদিকে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। একই সময়ে ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় খুলনার কয়রায়, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements
বৃষ্টিমৌসুমি বায়ু